সব কা সাথ, সব কা বিকাশ-এর উন্নয়নের রথ থামল বাঁশের সাঁকোয় এসে!

কারণ, স্বাধীনতার সাত দশক ও ডবল ইঞ্জিন সরকারের দীর্ঘ শাসনের পরেও এই জনপদের মানুষের কাছে ‘বিকাশ বাবু’ আজও নিখোঁজ! পাকা সেতু ও উন্নত রাস্তার সোনার হরিণের অপেক্ষায় দিন কাটতে কাটতে আজ ক্লান্ত ও ক্ষুব্ধ জগদীশপুর-ময়নারপারের আমজনতা। আধুনিকতার আলোয় যখন গোটা দেশ ও রাজ্য উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলার দাবি করছে, ঠিক তখন কাটিগড়ার এই অবহেলিত জনপদের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র সম্বল হলো গ্রামবাসীদের নিজেদের অর্থে ও স্বেচ্ছাশ্রমে তৈরি একটি কঙ্কালসার ও চরম ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো।

কাটিগড়া বিধানসভা এলাকার জগদীশপুর ময়নারপার গ্রামের মানুষ যেন সভ্যতার মূলস্রোত থেকে বহু দূরে এক অচেনা দ্বীপে বন্দি। ওই এলাকার প্রায় ৫০টি পরিবার প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যে বাঁশের সাঁকোটির ওপর ভরসা করে যাতায়াত করেন, তাকে কোনোমতেই যোগাযোগের সেতু বলা চলে না; বরং তা এক জলজ্যান্ত মরণফাঁদ। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষার দিন তো বটেই, এমনকি শুষ্ক মৌসুমেও এই জরাজীর্ণ সাঁকো পার হতে গিয়ে বুক কাঁপতে হয় সাধারণ মানুষের। একটু পা হড়কালেই নিচে গভীর জল বা খালের খাদ, মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকে। আর বর্ষাকালে নদীর জলস্তর বাড়লে এই সাঁকো সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যায়, যার ফলে গোটা গ্রাম বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ময়নারপার গ্রামের এই বাঁশের সাঁকোটি কেবল একটি পারাপারের মাধ্যম নয়, এটি এখানকার মানুষের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক। গ্রামের স্কুল-কলেজের কোমলমতি পড়ুয়ারা পিঠে স্কুলব্যাগ ঝুলিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই দোদুল্যমান সাঁকো পার হয়ে শিক্ষালয়ে যায়। অভিভাবকদের বুক সবসময় কাঁপতে থাকে এই ভেবে যে, আজ বাচ্চাগুলো সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে তো? পরিস্থিতি আরও মর্মান্তিক হয়ে ওঠে যখন গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।

গর্ভবতী নারী কিংবা গুরুতর অসুস্থ কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স তো দূরে থাক, কোনো বাহনই গ্রামে ঢোকার উপায় নেই। মুমূর্ষু রোগীকে খাটিয়ায় বা বাঁশের মাচায় শুইয়ে এই বিপজ্জনক সাঁকো পার করিয়ে মূল সড়কে আনতে গিয়ে বহু মূল্যবান জীবন পথেই হারিয়ে যাওয়ার নজির রয়েছে। যোগাযোগ ব্যবস্থার এই চরম বিপর্যয়ের কারণে আজও আধুনিক চিকিৎসার আলো থেকে বঞ্চিত এই জনপদের মানুষ।

স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, পাকা সেতু ও একটি ভালো রাস্তার দাবিতে বিগত দিনে কত না দরবার করেছেন তাঁরা! স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, জেলা প্রশাসন এবং এলাকার জনপ্রতিনিধিদের দপ্তরে দপ্তরে ঘুরে জুতো ক্ষয় হয়েছে, কিন্তু বরাক উপত্যকার এই দুর্গত মানুষের কান্না কারো কর্ণকুহরে পৌঁছায়নি। সবচেয়ে লজ্জার বিষয় হলো, সরকারের তরফ থেকে কোনো স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ তো দূরঅস্ত,

উল্টে বর্তমান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ব্যক্তিগত তহবিল থেকে প্রাপ্ত মাত্র ১০ হাজার টাকার আর্থিক সহায়তায় গ্রামবাসীরা বাধ্য হয়ে নিজেদের শ্রমে এই অস্থায়ী বাঁশের সাঁকোটি নির্মাণ করেছিলেন! সরকারের হাজার হাজার কোটি টাকার উন্নয়ন খতিয়ানের বিপরীতে একটি জনপদের মানুষের যাতায়াতের একমাত্র ব্যবস্থা হিসেবে মাত্র ১০ হাজার টাকার অনুদান, ডবল ইঞ্জিন সরকারের প্রকৃত সদিচ্ছাকে চরমভাবে উপহাস করে।

যে সরকার দেশের প্রতিটি কোণায় উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়ার কথা বলে গলা ফাটায়, সেই সরকারের আমলে একটি পাকা সেতুর অভাবে ৫০টি পরিবারকে এভাবেই বাঁশের সাঁকোতে ঝুলে থাকতে দেখে আজ ফুঁসে উঠেছে পুরো কাটিগড়া। ভোট আসে, ভোট যায়, নেতারা নানা প্রতিশ্রুতি দিয়ে আকাশকুসুম স্বপ্ন দেখিয়ে চম্পট দেন—কিন্তু জগদীশপুর ময়নারপারের ভাগ্যের চাকা এক ইঞ্চিও ঘোরে না।

আর কতদিন এই বাঁশের সাঁকোর ওপর ভরসা করে জীবন কাটাতে হবে? প্রশাসনের এই নিষ্ঠুর উদাসীনতার বিরুদ্ধে এবার আর নীরব থাকতে নারাজ এলাকাবাসী।  দীর্ঘদিনের বঞ্চনা ও নরকযন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেতে অবিলম্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী বাসিন্দারা। ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের মেকি বেলুন ফুটো হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

কাটিগড়ার জগদীশপুর-ময়নারপারে পাকা সেতু নির্মিত না হলে আগামী দিনে তীব্র গণআন্দোলনে নামারও জোরালো হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ জনতা। উন্নয়নের আলো কি শেষ পর্যন্ত এই অবহেলিত জনপদের অন্ধকার কুটিরে পৌঁছাবে, নাকি বরাকের বঞ্চনার ইতিহাসে আরেকটি কালো অধ্যায় হয়েই থাকবে ময়নারপার, সেটাই এখন দেখার বিষয়!

Related Posts

বোর্ড মিটিং নেই, সমীক্ষা নেই, নোটিশ নেই, নতুন পুরনিগমের প্রথম পদক্ষেপই প্রশ্নের মুখে!

লোকদেখানো উচ্ছেদের চর্বিত চর্বণ বন্ধ করে হকার পুনর্বাসন ও বিকল্প জীবিকার দাবিতে শিলচরের সুশীল সমাজ বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিলচর পুরসভা আজ পূর্ণাঙ্গ পুরনিগম এ…

শিলচর শহরের প্রাণকেন্দ্রে বিঘার পর বিঘা সরকারি পতিত জমি!

উন্নয়নের নামে চলছে হকার উচ্ছেদ বুলডোজার অভিযান বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৬ নভেম্বরঃ শিলচর পৌরসভা থেকে নবগঠিত পুরনিগম এর তকমা গায়ে লাগার পর শহরবাসীর মনে সুদিনের যে রঙিন বেলুনটি ফোলানো হয়েছিল,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *