বরাকবাণী ডিজিটাল ডেস্ক শিলচর ২৭ অক্টোবরঃ রাজ্যের চিকিৎসা মহাবিদ্যালয়গুলোর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা দূর এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৭ ও ৮ জানুয়ারি ২০২৭ ডিফুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা আসাম চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল কর্মচারী সংস্থার নবম দ্বি-বার্ষিক অধিবেশন। ডিফু চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল কর্মচারী সংস্থার আহ্বানে আয়োজিত এই অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি। অভ্যর্থনা ও আয়োজক কমিটির তরফ থেকে জানানো হয়েছে, অধিবেশনের প্রস্তুতি বর্তমানে অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
আসন্ন এই মহাসম্মেলনের রূপরেখা চূড়ান্ত করতে গত ২৪ অক্টোবর বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল কর্মচারী সংস্থার আহ্বানে এক গুরুত্বপূর্ণ কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইব্রাহিম আলী লস্করের সভাপতিত্বে আয়োজিত এই সভাটি এক প্রাণবন্ত রূপ নেয়। সভার শুভ সূচনা করেন বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা. বাল্মীকি দত্ত এবং অধীক্ষক ডা. পার্থ প্রতীম বরুয়া। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক উদ্বোধনের পর, বিগত দিনে রাজ্যজুড়ে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্থার কর্মচারীদের বিদেহী আত্মার শান্তি কামনায় গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভায় রাজ্যের ১৪টি মেডিকেল কলেজের প্রায় ৭ থেকে ৮ হাজার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর বিভিন্ন অমীমাংসিত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, বেতনের গ্রেড-পে বৈষম্য দূর করা, রোগী পরিচর্চা ভাতা প্রদান, চাকরি সেবা বিধি সংস্কার ও প্রণয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি দ্রুত পূরণের জোরালো দাবি জানিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও, আগামী ডিফু অধিবেশনে সংগঠনের সংবিধান সংশোধনের বিষয়েও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করা হয়েছে, যা সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সাংগঠনিক আলোচনার পাশাপাশি সভার শেষাংশ জুড়ে ছিল মনোরম সাংস্কৃতিক পরিবেশনা। বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল কর্মচারী সংস্থার মহিলা কর্মীবৃন্দের সমবেত সংগীত এবং শিশুশিল্পী মনবিক বায়নের সুরের জাদুতে মুগ্ধ হন উপস্থিত সকলে। সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক নবজিৎ দাস। আগামী জানুয়ারি মাসে ডিফুর এই দ্বিবার্ষিক অধিবেশনকে কেন্দ্র করে এখন থেকেই রাজ্যের চিকিৎসা মহাবিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।




