গাড়ির পেছনের দরজা ভেঙে সামনে এলো, অথচ চালক ও সহযাত্রীদের গায়ে আঁচড়ও লাগল না, কোন জাদুবলে বাঁচলেন চারজন?
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৯ নভেম্বরঃ প্রায় তিন দশক অতিক্রান্ত হতে চললেও বরাক উপত্যকার শিক্ষা ও সমাজজীবনের এক উজ্জ্বল নক্ষত্র, পাথারকান্দি কলেজ ও বি.এড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক কমরুল হকের রহস্যজনক মৃত্যুর জট আজও খোলেনি। ১৯৯৯ সালের সেই অভিশপ্ত রাতের ঘটনা কি নিছকই একটি পথদুর্ঘটনা ছিল, নাকি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড তা নিয়ে উনত্রিশ বছর পরও জনমনে দানা বেঁধে থাকা সন্দেহের মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে।
সম্প্রতি সেই রাতের সহযাত্রীদের বহুল আলোচিত সাংবাদিক সম্মেলনে দেওয়া অসংলগ্ন বক্তব্য, পরস্পরবিরোধী তথ্য এবং কিছু অযৌক্তিক ব্যাখ্যার পর ফের একবার আগুনের মতো ছড়িয়ে পড়েছে সিবিআই তদন্তের দাবি। ভুক্তভোগী পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী এবং বরাকের প্রতিবাদী সচেতন নাগরিকদের তীব্র ক্ষোভের মুখে পড়ে এবার নতুন করে নড়েচড়ে বসেছে পুরো উপত্যকা।
তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী ও লোকসভার স্পিকারের হস্তক্ষেপের পরও অসমে নথি গায়েব করেছিল কারা?
অধ্যাপক কমরুল হকের মৃত্যুর পরপরই এই ঘটনাকে ঘিরে তীব্র সন্দেহের সৃষ্টি হয়েছিল। ১৯৯৯ সালে এই মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের জোরালো দাবি জানিয়ে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং লোকসভার স্পিকারকে চিঠি লিখেছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রয়াত মাওলানা আসাদ মাদানী।

প্রয়াত মাওলানা আসাদ মাদানী ও বিজেপির দাবির পরও কার ইশারায় থমকে গিয়েছিল সিবিআই তদন্ত?
পাশাপাশি তিনি এনসিপি সভাপতি শরদ পাওয়ারসহ অন্যান্য জাতীয় বিরোধী দলনেতাদেরও বিষয়টি অবহিত করেন। পাথারকান্দি কলেজের তৎকালীন সভাপতি তথা করিমগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা আবু সুফিয়ানের উদ্যোগেই বিষয়টি জাতীয় স্তরে পৌঁছায়। এমনকি করিমগঞ্জ (বর্তমান শ্রীভূমি) জেলা বিজেপির তৎকালীন সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্যও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিঠি লিখে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন।
তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্তের আস্থাভাজন হওয়াই চক্ষুশূল করে তুলেছিল বরাকের এক দাপুটে মন্ত্রীকে
প্রবীণ নাগরিক ও শুভানুধ্যায়ীদের অভিযোগ, দিল্লি থেকে অসম সরকারের ওপর সিবিআই তদন্তের চাপ সৃষ্টি হতেই রাজ্যে শুরু হয় এক গভীর ষড়যন্ত্র। অসমে তখন প্রফুল্ল কুমার মহন্তের নেতৃত্বাধীন অসম গণ পরিষদ (অগপ)-এর সরকার। অভিযোগ উঠেছে, মৃত্যুটি হত্যা নাকি দুর্ঘটনা তা আড়াল করতে পুলিশ প্রশাসনের ওপর প্রবল চাপ সৃষ্টি করে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ লোপাট করা হয়েছিল। আর এই সিবিআই তদন্ত রুখে দেওয়ার নেপথ্যে বরাকের তৎকালীন এক প্রভাবশালী মন্ত্রীর (প্রয়াত শহিদুল আলম চৌধুরী) প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল বলে জোরালো অভিযোগ তুলছেন এলাকার প্রবীণ মহল।

প্রভাবশালীদের পথের কাঁটা সরাতেই কি মালিডহরে রাজনৈতিক ষড়যন্ত্রের বলি!
১৯৯৬ সালের বিধানসভা নির্বাচনে পাথারকান্দি আসন থেকে অগপ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন অধ্যাপক কমরুল হক। একজন আদর্শবান ও শিক্ষিত যুবনেতা হিসেবে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত, শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি। পরবর্তী নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ কিংবা বরাকের অন্য কোনো আসন থেকে তাঁকে জিতিয়ে আনার জোরালো আলোচনা চলছিল দলের অন্দরে।
ক্ষমতার দম্ভ আর রাজনৈতিক ষড়যন্ত্রের অন্ধকারে চাপা পড়েছে সত্য! কমরুল হক কাণ্ডে সিবিআই তদন্তে ভয় পাচ্ছেন কারা?
অভিযোগ উঠেছে, কমরুল হকের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাই বরাকের বহু প্রভাবশালী রাজনৈতিক নেতার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। নিজেদের রাজনৈতিক গদি হারানোর ভয়ে এবং কমরুল যেন তাঁদের পথের কাঁটা হয়ে না দাঁড়ান, সেই আশঙ্কা থেকেই তিনি একদল প্রভাবশালীর চক্ষুশূল হয়ে উঠেছিলেন। তাই সাধারণ মানুষ কোনোভাবেই তাঁর এই মৃত্যুকে স্বাভাবিক দুর্ঘটনা বলে মেনে নিতে পারেননি।
গাড়ির পেছনের দরজা ভেঙে সামনে এলো, অথচ চালক ও সহযাত্রীদের গায়ে আঁচড়ও লাগল না, কোন জাদুবলে বাঁচলেন চারজন?
ঘটনার বিবরণে উঠে আসা তথ্যগুলো আজও যে কাউকে ভাবিয়ে তুলতে বাধ্য। গুয়াহাটি থেকে করিমগঞ্জে (বর্তমান শ্রীভূমি) ফেরার পথে মেঘালয়ের মালিডহর পেরিয়ে কাছাড় জেলার সীমান্তবর্তী এলাকায় অধ্যাপক কমরুল হকের ভ্যানগাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি দুমড়ে-মুচড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়, এমনকি গাড়ির পেছনের দরজা ভেঙে সামনের দিকে চলে আসে। সহযাত্রীদের দাবি অনুযায়ী, গাড়িটি খাদে পড়ে একটি গাছের ডালে আটকে গিয়েছিল।

অধ্যাপক কমরুল হকের মৃত্যু কি তবে সুপরিকল্পিত রাজনৈতিক খুন?
অথচ চরম বিস্ময়ের বিষয় হলো, ওই গাড়িতে মোট পাঁচজন আরোহী থাকলেও একমাত্র অধ্যাপক কমরুল হকেরই নির্মম মৃত্যু হয়! তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল, মস্তিষ্ক ফেটে কান দিয়ে রক্ত বেরোচ্ছিল এবং পাঁজর ও হাত-পা ভেঙে গিয়েছিল। কিন্তু চালকের আসনে থাকা আজিজুর রহমান তালুকদার, সহযাত্রী হাবিবুর রহমান, শহিদ আহমদ এবং কমরুল হকের গাড়ির স্থায়ী চালক হেলাল উদ্দিনের গায়ে আঁচড়টিও লাগেনি বললেই চলে! তাঁরা কালাইন হাসপাতালে সামান্য প্রাথমিক চিকিৎসা নিয়েই দিব্যি বাড়ি ফিরে আসেন। পরবর্তীতে লোকমুখের সন্দেহ এড়াতেই আজিজুর ও হাবিবুররা শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়ার গল্প সামনে এনেছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল।
নিজ দলের সরকার থাকা সত্ত্বেও উনত্রিশ বছর নীরব কেন আজিজুর তালুকদার?
দীর্ঘ উনত্রিশ বছর ধরে এই চার সহযাত্রী জনসমক্ষে মুখ খুলতে চরম অনীহা দেখিয়ে এসেছেন। বরং যাঁরা সিবিআই তদন্তের দাবি তুলেছেন, তাঁদেরই নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এসে তাঁরা মুখ খুললেও, তাঁদের বক্তব্যে অসংগতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবাদী নাগরিক ও শুভানুধ্যায়ীদের তীব্র প্রশ্ন, আজিজুর রহমান তালুকদারের ভূমিকা রহস্যেঘেরা, করিমগঞ্জ (বর্তমান শ্রীভূমি) জেলায় প্রয়াত মন্ত্রী শহিদুল আলম চৌধুরীর ঘনিষ্ঠ তথা অগপ-র অন্যতম প্রধান মুখ ছিলেন আজিজুর রহমান তালুকদার।

বন্ধুর মৃত্যুর বিচার চাইতে কিসের এত অনীহা হাবিবুরের?
নিজ দলের সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এবং নিজে ওই গাড়ির চালকের আসনে থাকা সত্ত্বেও তিনি কেন গত উনত্রিশ বছরে একবারও সিবিআই তদন্তের দাবি তোলার সাহস দেখালেন না? অধ্যাপক কমরুল হকের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত হাবিবুর রহমান কেন তাঁর সংবাদমাধ্যম বা বিবৃতিতে এই রহস্যমৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানাননি? উনত্রিশ বছর পর মুখ খুলেও কেন তাঁরা সিবিআই তদন্তের দাবি এড়িয়ে গেলেন, সেই রহস্যই এখন তাঁদের সাধারণ মানুষের সন্দেহের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে।
সিবিআই তদন্তের দাবিতে সব ভয় উপেক্ষা করে গণস্বাক্ষর অভিযানের প্রস্তুতি সংগ্রাম কমিটির ও বুদ্ধিজীবীদের
অধ্যাপক কমরুল হকের পরিবারের সদস্য, অগণিত ছাত্রছাত্রী এবং এলাকার জনদরদী মানুষের একটাই দাবি, সত্য উদ্ঘাটন হোক। ইতিমধ্যেই পাথারকান্দি ও আছিমগঞ্জ এলাকার বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকরা একত্রিত হয়ে সিবিআই তদন্তের দাবিকে গণ-আন্দোলনের রূপ দিতে একটি শক্তিশালী ‘সংগ্রাম কমিটি’ গঠন এবং বৃহৎ আকারে গণস্বাক্ষর অভিযান শুরুর পরিকল্পনা গ্রহণ করেছেন।
অধ্যাপক কমরুল হকের রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে উত্তাল বরাক
খুব শীঘ্রই বরাক উপত্যকার বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে এক জরুরি বৈঠক ডাকা হতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। ক্ষমতার দম্ভ আর রাজনৈতিক ষড়যন্ত্রের অন্ধকারে চাপা পড়ে থাকা অধ্যাপক কমরুল হকের মৃত্যুর প্রকৃত সত্য কি এবার আলোর মুখ দেখবে? নাকি প্রভাবশালীদের অঙ্গুলিহেলনে আরও একবার থমকে যাবে বিচারের বাণী, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বরাক উপত্যকা!





