গণমাধ্যমের স্বাধীনতা ও অসহিষ্ণুতা নিয়ে কবি অতীন দাশ ও অধ্যাপক পার্থ সরকারের বিস্ফোরক মন্তব্য
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৮ নভেম্বরঃ সাংবাদিকতাকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু এই স্বীকৃতি কেউ আমাদের দেয়নি, এটা আমাদের স্বনিয়োজিত ব্যাপার। রাষ্ট্র আমাদের বলেনি আমরা চতুর্থ স্তম্ভ, রাজনীতিবিদরা মাঝে মাঝে বলেন সময়ে-সুযোগে নিজেদের সুবিধা আদায়ের জন্য! আমরা হলাম সমাজের অতন্দ্র প্রহরী। সমাজ যখন অসহনশীল হয়ে পড়ে, গণতন্ত্রবিরোধী শক্তি ক্ষমতায় আসে, তখন যাঁরা প্রশ্ন করেন, তাঁরা সরকারের প্রতিপক্ষ হয়ে যান।
আর আজ একটা দুঃসময় চলছে, যেখানে দেশের সবকিছু পরিচালিত হচ্ছে নিম্নমেধার লোকদের দ্বারা, মেধাবীদের কোনো দাম নেই! ‘ন্যাশনাল প্রেস ডে’ (জাতীয় প্রেস দিবস) উদযাপন উপলক্ষে শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক প্রজ্ঞাদীপ্ত ও উত্তাল আলোচনাসভায় এভাবেই দেশের বর্তমান রাজনৈতিক ও সাংবাদিকতার পরিবেশ নিয়ে চরম শ্লেষ ও হুংকার ছাড়লেন বিশিষ্ট কবি, প্রবীণ সাংবাদিক ও চিন্তাবিদ অতীন দাশ।
প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার নির্ধারিত এ বছরের মূল বিষয়বস্তু জনমোহিনী সাংবাদিকতার ঢক্কা-নিনাদে কি হারিয়ে যাচ্ছে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা? এই শিরোনামকে সামনে রেখে সোমবার শিলচর প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত এই আলোচনাসভায় বক্তারা সাংবাদিকতার বর্তমান পতন, টিআরপি-কেন্দ্রিক সস্তা জনপ্রিয়তা, প্রশাসনিক অসহিষ্ণুতা এবং সমাজের প্রতি সংবাদমাধ্যমের দায়বদ্ধতা নিয়ে নগ্ন সত্য তুলে ধরেন। শিলচরের বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই সভাটি একপ্রকার ঐতিহাসিক আত্মসমীক্ষার মঞ্চে পরিণত হয়।
সভাপতির ভাষণে ৬৬ বছরের সুদীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতার কথা স্মরণ করে অতীন দাশ বলেন, জনমোহিনী সাংবাদিকতার দাপট বর্তমানে অত্যন্ত বেড়ে গেছে, যা দায়িত্বপূর্ণ সাংবাদিকতাকে বহু ক্ষেত্রে কোণশাসা করে দিচ্ছে। কিন্তু দীর্ঘ দিন টিকে থাকতে হলে সংবাদমাধ্যমকে শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতা এবং দায়িত্বশীলতাকেই আঁকড়ে ধরতে হবে। ইদানীং একটা বিপজ্জনক প্রবণতা তৈরি হয়েছে যে, সরকারের নীতি বা কাজের সমালোচনা করলেই সাংবাদিকদের ‘দেশবিরোধী’ তকমা দেওয়া হয়। এই সংকীর্ণ মানসিকতা নাগরিকদের স্বাধীনতার পক্ষে চরম ক্ষতিকর।
ডিজিটাল ও স্যাটেলাইট চ্যানেলের ভিড়ে মুদ্রণ মাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখিয়ে তিনি এক চমকপ্রদ পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, ২০১৪ সালের ২৬ মে নরেন্দ্র মোদী যেদিন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, সেই সময়ে যে ১০০ জন লোক টেলিভিশন দেখতেন, বর্তমানে ২০২৬ সালে এসে সেই ১০০ জনের মধ্যে মাত্র ২২ জন টিভি দেখেন!
অর্থাৎ, হাজারো প্রতিকূলতা ও ডিজিটাল প্রলোভনের মাঝেও প্রিন্ট মিডিয়া বা মুদ্রণ মাধ্যম আজও নিজের পাঠক ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রেখে মাথা উঁচু করে টিকে রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক, ডি.লিট পার্থ সরকার টিআরপি, ক্লিক এবং তাৎক্ষণিক জনপ্রিয়তার নেশায় অন্ধ চটকদার সাংবাদিকতা এবং যাচাইকৃত সত্য ও জনস্বার্থে নিবেদিত নীতিনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে এক তীক্ষ্ণ ও স্পষ্ট ব্যবধান তুলে ধরেন।
তিনি অত্যন্ত জোরালো ভাষায় সতর্ক করে বলেন, জনমোহিনী সাংবাদিকতা প্রায়শই সমাজের ক্ষণস্থায়ী জন-আবেগ, ভীতি বা ক্ষোভকে উস্কে দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে। অন্যদিকে, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে সঠিক আলোর দিশা দেখায়। অপরিণত মিডিয়া ট্রায়াল কীভাবে বিচার বিভাগের আইনি প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে এবং আদালতের রায়ের আগেই কোনো নিরপরাধ মানুষের জীবনকে অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত করে, তা তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে বিশ্লেষণ করেন।
সংবেদনশীল পরিস্থিতিতে যাচাই না করে ব্রেকিং নিউজের নেশায় মেতে ওঠার তীব্র সমালোচনা করে তিনি বলেন, বন্যা, তীব্র কৃষি সংকট কিংবা বেহাল শিক্ষার মতো জনস্বার্থের জরুরি বিষয়গুলোকে সযত্নে আড়ালে রেখে কেবল সেলিব্রিটি বিনোদনকে প্রাধান্য দেওয়ার যে অসুস্থ প্রবণতা মূলস্রোতের গণমাধ্যমে দেখা যাচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এর মাঝেই দুর্যোগ ও জনস্বাস্থ্য সংকটের সময় জীবনের ঝুঁকি নিয়ে সঠিক তথ্য পরিবেশনকারী সাহসী সাংবাদিকদের তিনি কুর্নিশ জানান।
শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে তাঁর বক্তব্যে বর্তমান সংবাদমাধ্যমের অভ্যন্তরীণ সংকট তুলে ধরে বলেন, সংবাদ পরিবেশনের অতিরিক্ত এবং অন্ধ প্রতিযোগিতায় অনেক ক্ষেত্রেই সাংবাদিকতার মান ভীষণভাবে নিম্নগামী হচ্ছে। পাশাপাশি, সংবাদমাধ্যম ও কর্মরত সাংবাদিকদের বিভিন্ন মৌলিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকারি মহলের যে ঔদাসীন্য ও উদাসীনতা দেখা যায়, তা অত্যন্ত বেদনাদায়ক। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে সংবাদমাধ্যমে এক বিরাট বিবর্তন চলছে।
অত্যাধুনিক প্রযুক্তিকে একদিকে যেমন সদর্থক ও দ্রুত খবর পৌঁছানোর কাজে লাগা হচ্ছে, অন্যদিকে তেমনি তা বিকৃতভাবে সংবাদ পরিবেশনের হাতিয়ার হয়ে উঠেছে। ভুয়া খবর ও অসত্য সহজেই ছড়িয়ে পড়লেও তা যাচাই করার সুযোগ আজ সীমিত। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই অন্ধকার বেশি দিন স্থায়ী হবে না, কারণ সচেতন পাঠকরা এখন ‘ফ্যাক্ট চেকিং’ বা সত্যতা যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে শুরু করেছেন।
প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার ছয় দশক পূর্তি স্মরণ করে আমন্ত্রিত অতিথি তথা কংগ্রেস নেতা অভিজিৎ পাল বলেন, ১৯৬৬ সালের ১৬ নভেম্বর থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার মান রক্ষায় নৈতিক প্রহরী হিসেবে কাজ করে আসছে এই প্রতিষ্ঠান। বর্তমান রাজনৈতিক ডামাডোলের মধ্যেও সাধারণ মানুষের গভীর আস্থা রয়েছে সাংবাদিকদের ওপর।
শাসক সরকারের রোষানল বা নানা প্রতিবন্ধকতার মুখে পড়েও সাংবাদিকদের যেকোনো মূল্যে সত্য, নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের অবিচল মশালবাহক হয়ে থাকার আহ্বান জানান তিনি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, রাজনৈতিক নেতাদের জন্য সংবাদমাধ্যম অপরিহার্য হলেও সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, বিজেপি নেতা রূপম নন্দীপুরকায়স্থ তাঁর বক্তব্যে বলেন, অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক; এই সত্য মেনে চললে বহু জটিলতার সমাধান সম্ভব। কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্নভাবে যত্নশীল বলে দাবি করে তিনি বলেন, কিছু দায়িত্বজ্ঞানহীন সংবাদমাধ্যম অপপ্রচার চালিয়ে সরকারকে হেয় প্রতিপন্ন করতে চায়। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই সাংবাদিকদের সমস্ত সমস্যার সুরাহা সম্ভব বলে তিনি আশাপ্রকাশ করেন।
আলোচকদের মধ্যে সাংবাদিক চয়ন ভট্টাচার্য অত্যন্ত বাস্তবসম্মত মন্তব্য করে বলেন, সংবাদ যেমন জনপ্রিয় হতে হবে, তেমনি তার দায়িত্ব এড়িয়ে চলাও চলে না। সস্তা জনপ্রিয়তা সর্বাবস্থায় পরিত্যাজ্য, তাই দায়িত্বশীলতা ও জনপ্রিয়তার মধ্যে এক নিখুঁত সমন্বয় জরুরি। কবি ও সাংবাদিক স্মৃতি পাল নাথ বলেন, যাঁদের আত্মত্যাগ করার মানসিকতা আছে, কেবল তাঁদের পক্ষেই প্রকৃত সাংবাদিকতা করা সম্ভব, কোনো ন্যস্তস্বার্থবাহী বা সুবিধাবাদীর এই পেশায় থাকার অধিকার নেই।
এদিনের এই প্রাণবন্ত ও দীর্ঘ আলোচনা সভায় শিলচরের প্রবীণ ও নবীন সাংবাদিকদের এক মহামিলন ঘটে। প্রাসঙ্গিক ও দিকনির্দেশক বক্তব্য উপস্থাপন করে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন, দেবাশিস পুরকায়স্থ, অনির্বাণজ্যোতি গুপ্ত, বিশ্বকল্যাণ পুরকায়স্থ, দেবদুলাল মালাকার, সোনালী নাথ, পাপলু দাস, রাহুল দেব, সঞ্জীব সিং, রঘুনন্দন শর্মা মজুমদার, শমীন্দ্র পাল সমীরণ চৌধুরী প্রমুখ।
এছাড়াও সমাজকর্মী কিরণ রাশ তাঁর মূল্যবান বক্তব্যে গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালনা ও সভাপতিত্ব করেন কবি-সাংবাদিক অতীন দাশ। আলোচনা সভা পর্বের পর দিনের দ্বিতীয় পর্বে এক মনোরম সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় শিল্পী শান্তিকুমার ভট্টাচার্যের উদাত্ত ও সুরের জাদুতে মুগ্ধ হন উপস্থিত সকলে। সব মিলিয়ে, ‘ন্যাশনাল প্রেস ডে’-র এই মঞ্চ থেকে শিলচরের সাংবাদিক সমাজ এক নতুন শপথ গ্রহণ করল, টিআরপির অন্ধ দৌড় বা জনমোহিনী ডঙ্কা নয়, সত্য, ন্যায়বিচার এবং দায়িত্বশীলতাই হোক বরাক উপত্যকার গণমাধ্যমের চূড়ান্ত পাথেয়।





