পাথারকান্দি বি.এড কলেজ কাণ্ডে প্রিন্সিপাল ও কর্তৃপক্ষের বিরুদ্ধে দিল্লিতে ইডির দ্বারস্থ আমছু
বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৯ নভেম্বরঃ শিক্ষার মন্দিরকে দুর্নীতির আখড়ায় পরিণত করে ছাত্রছাত্রীদের কষ্টের কোটি কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগে এবার সরাসরি দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দোরগোড়ায় কড়া নাড়ল ‘সারা অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন’ (আমছু)। বুধবার নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর প্রধান কার্যালয়ে পাথারকান্দি বি.এড কলেজের প্রিন্সিপাল ও পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে এক বিস্তারিত ১২ পৃষ্ঠার আনুষ্ঠানিক আইনি অভিযোগ দায়ের করা হয়েছে।
আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তথা ভারতীয় মানবাধিকার সংস্থার আসাম রাজ্যিক সভাপতি কাজী ছাদিক আখতারের নেতৃত্বে এক প্রতিনিধিদল ইডি দপ্তরে এই অভিযোগপত্র জমা দেন। এই প্রতিনিধিদলে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন আমসুর করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম জবরুলসহ প্রমুখ নেতৃবৃন্দ। শিক্ষাঙ্গনে নজিরবিহীন এই দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে উচ্চপর্যায় তদন্তের দাবিতে আমসুর এই পদক্ষেপে বরাক উপত্যকাসহ রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ও শোরগোল পড়ে গেছে।
দিল্লি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমছু নেতা কাজী ছাদিক আখতার চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করেছেন। তাঁর অভিযোগ, পাথারকান্দি বি.এড কলেজের নামে থাকা যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থেকে অত্যন্ত সুকৌশলে কলেজের সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি তাঁদের নিজেদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ ও কোটি কোটি টাকা ট্রান্সফার করে আত্মসাৎ করেছেন।
ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কথা বলে সংগৃহীত অর্থ যেভাবে বেনিয়ম ও যোগসাজশের মাধ্যমে তছরুপ করা হয়েছে, তার পাহাড়প্রমাণ তথ্য ও প্রমাণ সংবলিত ১২ পৃষ্ঠার ওই কমপ্লেন বা অভিযোগপত্র ইডি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু ইডি-ই নয়, এই আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে আইনি লড়াইকে আরও জোরালো করতে খুব শীঘ্রই রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি-করপশ কাপ্পসেশন -এর দপ্তরেও এই অভিযোগের প্রতিলিপি জমা দেওয়া হবে বলে হুংকার দিয়েছেন আমছু নেতৃত্ব।
দিল্লি থেকে এক প্রতিক্রিয়ায় কাজী ছাদিক আখতার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এটি কেবল আইনি লড়াইয়ের প্রথম ধাপ। দুর্নীতির সঙ্গে যুক্ত কলেজের অধ্যক্ষ ও পরিচালনা কর্তৃপক্ষের আসল মুখোশ জনসমক্ষে উন্মোচন না করা পর্যন্ত এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় না আনা পর্যন্ত এই গণতান্ত্রিক প্রতিবাদ ও আন্দোলন অবিরাম চলবে।
কোনো প্রভাবশালী বা অপশক্তির রক্তচক্ষু বা হুমকিকে ভয় পেয়ে আমছু বা তিনি নিজে এক ইঞ্চিও পিছপা হবেন না বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন। ইডির কাছে জমা দেওয়া ওই ১২ পৃষ্ঠার দীর্ঘ অভিযোগপত্রে ঠিক কী কী চাঞ্চল্যকর তথ্য ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরা হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানাতে শীঘ্রই করিমগঞ্জে ফিরেই শ্রীভূমির প্রেস ক্লাবে এক বিশেষ সাংবাদিক সম্মেলন করবেন কাজী ছাদিক আখতার ও করিমগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।
শিক্ষানুরাগী মহলের মতে, পাথারকান্দি বি.এড কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের নজিরবিহীন আর্থিক দুর্নীতি গোটা অঞ্চলের শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার সামিল। বছরের পর বছর ধরে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে যারা ব্যক্তিগত সম্পত্তি স্ফীত করেছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার তদন্ত শুরু হওয়ায় আশার আলো দেখছেন ভুক্তভোগী ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
এখন দেখার বিষয়, ইডি ও দুর্নীতি দমন শাখার তদারকিতে এই কেলেঙ্কারির রাঘববোয়ালরা শেষ পর্যন্ত কীভাবে আইনের কাঠগড়ায় দাঁড়ায়। শ্রীভূমির প্রেস ক্লাবে আমসুর আসন্ন প্রেস মিট থেকে কী কী নতুন বোমা ফাটানো হয়, সেদিকেই এখন তাকিয়ে পুরো বরাক উপত্যকা!





