লক্ষীপুরে উন্নয়নের ঠেলায় লাটে উঠেছে ব্যবসা!

বিশেষ করে ফরেস্ট অফিস অঞ্চল থেকে আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত কয়েকশো মিটার রাস্তার অবস্থা বর্তমানে এতটাই শোচনীয় যে, তা সাধারণ মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। অসমাপ্ত নির্মাণকাজ, রাস্তার মাঝখানে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি, আর ধুলোবালি-কাদাজলের অসহনীয় তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী, স্কুল-কলেজের পড়ুয়া এবং নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে ভোটব্যাংক গোছাতে ‘গৌরব পথ’ প্রকল্পের অধীনে এই সড়ক সংস্কারের কাজের ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। ফরেস্ট অফিস অঞ্চল থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত এই অত্যাধুনিক সড়ক নির্মাণের কথা ছিল। কিন্তু নির্বাচনের বৈতরণী পার হতেই উন্নয়নের সেই চাকা যেন চিরতরে থমকে গেছে।

শিলান্যাসের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজটি আজও রহস্যজনকভাবে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এখন পর্যন্ত কেবল সড়কের সাইডবাম অর্থাৎ খালি জায়গা ড্রেন পর্যন্ত কোনোমতে দায়সারাভাবে তৈরি করে মূল রাস্তার কাজ ফেলে রাখা হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, ‘গৌরব পথ’ কি তবে কেবল ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার একটি নির্বাচনী স্লোগান মাত্র ছিল?

পরিকল্পনাহীন কাজের নমুনা হিসেবে ফরেস্ট অফিস থেকে আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল পর্যন্ত সড়কের মাঝখানে ডিভাইডার নির্মাণ করা হয়েছে, যার ফলে মূল রাস্তার পরিসর এমনিতেই অনেকটা সংকুচিত হয়ে গেছে। তার ওপর মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো, নির্মাণস্থল থেকে অধিকাংশ বৈদ্যুতিক খুঁটি আজও সরানো হয়নি। রাস্তার মাঝখানে বা একেবারে কিনারায় বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকা

এই খুঁটিগুলি যেকোনো মুহূর্তে বড়সড় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। এর পাশাপাশি, প্রশাসনের নজরদারির অভাবে রাস্তার ওপরই ফেলে রাখা হয়েছে বালি-পাথর এবং বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী। ফলে বাধ্য হয়েই অসমাপ্ত ও এবড়োখেবড়ো নির্মাণকাজের ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

বর্তমানে আবহাওয়ার খামখেয়ালিপনার সঙ্গে পাল্লা দিয়ে লক্ষীপুরবাসীর দুর্ভোগ দ্বিগুণ থেকে বহুগুণ বেড়ে চলেছে। রোদ উঠলেই দ্রুতগামী গাড়ির চাকায় উড়ছে রাশি রাশি বিষাক্ত ধুলোবালি, যা শ্বাসকষ্টসহ নানা রোগের সৃষ্টি করছে। অন্যদিকে, সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদাজলে একাকার হয়ে ধানক্ষেতের চেহারা নিচ্ছে। এই পরিস্থিতিতে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে। গাড়ির চাকায় ছিটকে আসা নোংরা কাদাজলে পথচারীদের পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি রাস্তার পাশের দোকানপাটও নোংরা হচ্ছে।

এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় যুবক সমাজসেবী তথা বিশিষ্ট ব্যবসায়ী জনি রায় জানান, রাস্তার এই বেহাল দশার কারণে তিনি একাধিকবার বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাঁর কথায়, দ্রুতগামী গাড়ির চাকা থেকে পাথর ছিটকে এসে বেশ কয়েকবার আমার দোকানের মূল্যবান কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। শুকনো দিনে ধুলোর অসহনীয় যন্ত্রণা আর বর্ষায় কাদাজলের নরকযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ঠিকাদারকে বারবার অনুরোধ করে সাময়িকভাবে জল ছিটানোর ব্যবস্থা করা হলেও তাতে সমস্যার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।

ক্রেতারা ধুলো-কাদার ভয়ে দোকানে আসতে চাইছেন না, ফলে ব্যবসা লাটে ওঠার জোগাড়। লক্ষীপুরবাসীর এই চরম দুর্ভোগের জন্য সরাসরি ডবল ইঞ্জিন সরকারের নেতা-মন্ত্রীদের উদাসীনতা এবং পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে অসাধু ঠিকাদারদের গোপন আঁতাতকে দায়ী করছেন ভুক্তভোগী নাগরিকরা। সচেতন মহলের অভিযোগ, শাসকদলের জনপ্রতিনিধিরা উন্নয়নের ঢাক পেটালেও বাস্তবে মাঠে নেমে কাজের তদারকি করার সময় তাঁদের নেই।

বারবার পূর্ত বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদারের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও রহস্যজনক কারণে কাজের গতি বাড়ছে না। সরকারি কোষাগারের টাকা নয়ছয় করতে এবং নিম্নমানের কাজ করে পকেট ভরতেই ঠিকাদারি সংস্থা ইচ্ছাকৃতভাবে কাজ ঝুলিয়ে রেখেছে বলে তীব্র অভিযোগ উঠেছে। আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন বিপজ্জনক রাস্তা ফেলে রাখায় প্রতিদিন শত শত কোমলমতি ছাত্রছাত্রী ও অভিভাবক চরম আতঙ্কের মধ্যে যাতায়াত করছেন।

এমতাবস্থায়, লক্ষীপুরবাসীকে এই অসহনীয় দুর্ভোগ ও নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় বৈদ্যুতিক খুঁটি সরিয়ে সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করার জোরালো দাবি জানিয়েছেন জনি রায় সহ স্থানীয় নাগরিকরা। প্রশাসন ও ঠিকাদারি সংস্থা যদি অবিলম্বে কুম্ভকর্ণের নিদ্রা ভেঙে সক্রিয় না হয়, তবে আগামী দিনে লক্ষীপুরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা রাস্তায় নেমে তীব্র গণআন্দোলন ও পথ অবরোধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

Related Posts

আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের, চার মাসে চালের দাম বাড়ল ৫০ শতাংশ, ভোজ্যতেল ২০০ টাকার ওপরে

মসুর ছাড়া বাকি ডালে কেজিতে ১০-২০ টাকা বৃদ্ধি, ডিম-পেঁয়াজের দামেও ঊর্ধ্বগতি, চাপে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২১ নভেম্বরঃ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে চরম আর্থ-সামাজিক সংকটে পড়েছেন সাধারণ…

শিলচর পৌরনিগমে কাউন্সিলরদের জাল শংসাপত্রের ভূত! টাকার বিনিময়ে ডিগ্রি কেনার দিন শেষ?

কেবল তালিকা প্রকাশেই কি দায় শেষ, নাকি ভুয়ো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিলবে কড়া শাস্তি, প্রশ্ন শিক্ষামহলে বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২১ নভেম্বরঃ জনপ্রতিনিধিদের হলফনামায় ভুয়ো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দাখিলের মতো গুরুতর অভিযোগে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *