বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২১ নভেম্বরঃ শুকনো মরশুম শুরু হওয়ার মুখে সামান্য এক পশলা বৃষ্টিতেই চরম দুর্ভোগের ছবি ধরা পড়ল শিলচর–শ্রীভূমি ৩৭ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশে। বিশেষ করে বাঘমারা ধলেশ্বর পয়েন্ট থেকে কাটাখাল রেলওয়ে গেট এবং শালচাপড়া রেলওয়ে গেট থেকে শিলচর আইএসবিটি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় কার্যত স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।
কাদা ও জলে ভরা পুকুরসম গর্তের কারণে সাধারণ পথচারী, স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, রোগী এবং চালকদের চলাফেরা চরম বিপজ্জনক হয়ে উঠেছে। বরাক উপত্যকার শিলচর, শ্রীভূমি ও হাইলাকান্দি এই তিন জেলার যোগাযোগের অন্যতম প্রধান ‘লাইফলাইন’ এবং উপত্যকার বাইরে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথের এমন দুরবস্থায় পূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও সমালোচনা ছড়িয়ে পড়েছে।
রাস্তার এই করুণ দশার সবচেয়ে বড় প্রভাব পড়েছে স্বাস্থ্য ও জরুরি পরিষেবার ওপর। প্রাক্তন সংবাদকর্মী তথা সমাজকর্মী বিমল চন্দ্র দে ক্ষোভ প্রকাশ করে জানান, কাদা-জল ও বিশাল গর্তের কারণে কালীনগর সরোজিনী হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনকি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও হাসপাতালে ঢুকতে বা বেরোতে পারছে না বলে অভিযোগ উঠেছে।
বিমল চন্দ্র দে জানান, গত বুধবার ভারতমালা কর্তৃপক্ষ মাটি ফেলার সময় তাঁদের কাছে কালীনগর সরোজিনী হাসপাতালের প্রবেশপথ রোলার চালিয়ে কিছু পাথর দিয়ে চলাচলের উপযোগী করে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সেই অনুরোধে কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ। তাঁর দাবি, বৃহৎ এই অঞ্চলের চিকিৎসার অন্যতম ভরসাস্থল এই হাসপাতালে প্রতিদিন শত শত রোগী ও গর্ভবতী মহিলারা আসেন। প্রবেশপথ ও সংলগ্ন রাস্তা বেহাল থাকায় সামান্য বৃষ্টিতেই চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, গত দুই দিন ধরে বহু মানুষ ঘর থেকে বেরোতে হিমশিম খাচ্ছেন। রাস্তায় তৈরি হওয়া পুকুরসম গর্ত ও কাদা-জলের ওপর দিয়ে যানবাহন চলাচল করার সময় পথচারীদের গায়ে কাদাযুক্ত জল ছিটকে পড়ছে। অনেক জায়গায় হাঁটুসমান কাদা ও জল ঠেলে রাস্তা পারাপার হতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুলে যাওয়া-আসার পথে কাদায় নাকাল হতে হচ্ছে পড়ুয়াদের। অফিস বা জরুরি কাজে বেরোনো মানুষেরাও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
ছোট-বড় সমস্ত ধরনের গাড়ির চালক ও যাত্রীদের অভিযোগ, গর্ত এড়াতে গিয়ে একদিকে যেমন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনই গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হচ্ছে। দ্রুত রাস্তার গর্ত ভরাট ও মেরামত করে চলাচলের উপযোগী না করা হলে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিমল চন্দ্র দে।
রাস্তার এই বেহাল অবস্থার সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। কাটাখাল বাজারের স্থায়ী মুদিখানা ব্যবসায়ী বাবলু দে জানান, বৃহস্পতিবার রাস্তার এমন ভয়াবহ অবস্থা দেখে তিনি দোকানেই আসতে পারেননি। শুক্রবার সকালে দোকানে এলেও বাজারে ক্রেতার দেখা নেই বললেই চলে; ফলে দুপুরের খাওয়ার সময় বাড়ি ফিরে আর না আসার সিদ্ধান্তের কথা জানান তিনি।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে বাবলু দে বলেন, রাস্তার পাশ দিয়ে হাঁটার কোনো উপায় নেই। কাটাখাল বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গিয়ে হাঁটুসমান গর্তে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর চোখের সামনেই এক ভদ্রমহিলা রাস্তা পারাপারের সময় গর্তে পড়ে যান এবং কাদার মধ্যে চপ্পল আটকে গেলেও তা তুলতে না পেরে কাপড়-চোপড় কাদায় নষ্ট অবস্থায় কোনোমতে প্রাণ বাঁচিয়ে সরে যেতে বাধ্য হন। তাঁর আক্ষেপ, ঘর থেকে পরিষ্কার পোশাক পরে বেরোলেও বাড়ি ফিরতে হচ্ছে কৃষকের বেশে, এই অবস্থায় বাজারে লোকজন আসছেন না এবং দোকান খোলার আগ্রহও হারিয়ে ফেলছেন ব্যবসায়ীরা।
বর্ষা পেরিয়ে শুকনো মরশুম শুরু হওয়ার পরও সামান্য বৃষ্টিতে জাতীয় সড়ক ও সংলগ্ন এলাকার এমন বেহাল চিত্র প্রশাসনিক তদারকি ও রক্ষণাবেক্ষণের ঘাটতিকেই সামনে এনেছে। এলাকাবাসী, যাত্রী, চালক এবং ব্যবসায়ীদের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথে বারবার এমন দুরবস্থা সত্ত্বেও পূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন আগাম ব্যবস্থা নিচ্ছে না? অবিলম্বে জরুরি ভিত্তিতে মেরামত ও নিকাশি-প্রতিকারমূলক পদক্ষেপ না নিলে জনরোষ আরও তীব্র রূপ নিতে পারে বলে মনে করছে স্থানীয় মহল।






