অসম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে ১.০৫ কোটি টাকার হেরোইনসহ আটক ত্রিপুরার দুই পাচারকারী

একই সঙ্গে এই কারবারে সরাসরি জড়িত থাকার অভিযোগে ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলার দুই কুখ্যাত পাচারকারীকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। ১৬ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা অসম রাইফেলসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরই গোটা শিলচর জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।পুলিশ ও অসম রাইফেলস সূত্রে প্রাপ্ত বিবরণে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে যে, একটি বিশাল মাদক চক্রের চালান শিলচর হয়ে ত্রিপুরার দিকে বা অন্য কোনো গন্তব্যে পাচার করার চেষ্টা চলছে।

এই তথ্যের ভিত্তিতেই মাসিমপুরের সংবেদনশীল অরুণাচল জংশন এলাকায় অত্যন্ত সতর্ক অবস্থান নেয় যৌথ বাহিনী। পরিকল্পনা অনুযায়ী, শিলচর থেকে আগরতলাগামী ট্রেনটি যখন ওই এলাকা অতিক্রম করছিল, তখন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ট্রেনটিতে চিরুনি তল্লাশি চালানো হয়। ট্রেনের কামরায় যাত্রারত সন্দেহভাজন দুই ব্যক্তির গতিবিধি দেখে যৌথ বাহিনীর সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর কড়া নিরাপত্তায় ঘেরা ওই দুই ব্যক্তিকে ট্রেন থেকেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

আটক ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র তন্ন তন্ন করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল সত্য। অত্যন্ত সুকৌশলে ১৩টি সাবানের কেসের ভেতরে পলিব্যাগে মোড় করে লুকিয়ে রাখা হয়েছিল সর্বনাশা হেরোইন। যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে সর্বমোট ১৫১ গ্রাম হেরোইন উদ্ধার করে। খোলা বাজারে যার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লক্ষ টাকারও বেশি। মাদক ছাড়াও তাদের কাছ থেকে একটি মোবাইল হ্যান্ডসেট বাজোপ্ত করা হয়েছে, যা পাচারকারীদের সঙ্গে অন্য কোনো বড় চক্রের যোগাযোগের সূত্র খুঁজতেই প্রধান হাতিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত দুই ব্যক্তি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলার স্থায়ী বাসিন্দা। বরাক উপত্যকাকে ট্রানজিট রুট বা করিডোর হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই চক্রটি মাদক পাচারের কারবার চালিয়ে আসছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং ধৃত দুই পাচারকারীকে পরবর্তীতে আইনানুগ ও পরবর্তী কঠোর তদন্তের জন্য কাছাড় জেলা পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।

বরাক উপত্যকার মাটিতে মাদক ব্যবসায়ীদের এই অবাধ দৌরাত্ম্য নিয়ে ইতিমধ্যেই ক্ষোভের আগুন জ্বলছে সচেতন নাগরিক মহলের অন্দরে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও যুবসমাজকে তলে তলে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এই মাদক মাফিয়ারা যে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলছে, তা কোনোভাবেই বরদাশত করা যায় না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসম রাইফেলসের এই সাহসী পদক্ষেপকে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানালেও, এই পাচার চক্রের রাঘববোয়াল গুলোর নাগাল পেতে আরও গভীরে গিয়ে তদন্তের দাবি তুলেছেন বুদ্ধিজীবীরা। শিলচরের মাটি থেকে মাদক সিন্ডিকেটের শেকড় পুরোপুরি উপড়ে ফেলতে পুলিশ ও প্রশাসন আগামী দিনে আরও কড়া ও নজিরবিহীন পদক্ষেপ করবে, এমনটাই এখন প্রত্যাশা সমগ্র বরাকবাসীর।

Related Posts

শিলচরের ফুটপাত এখন বাইক-স্কুটির অভয়ারণ্য!

হাসপাতাল রোড, শিলংপট্টি জানিগঞ্জ সহ সর্বত্রই নাভিশ্বাস পথচারীদের বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৮ নভেম্বরঃ শিলচর শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং আধুনিক করে গড়ে তুলতে শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন (এসএমসি) সাম্প্রতিক সময়ে যেভাবে ফুটপাত…

মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ আর টিলা সুরক্ষা আইন কি কেবল কাগজের কলমেই?

আইন পকেটে পুরে চলছে পাহাড় খেকোদের তাণ্ডব! প্রভাবশালীদের আশ্রয়ে ফুলেফেঁপে উঠছে কুখ্যাত ভূমিখেকো সিন্ডিকেট বরাকবাণী ডিজিটেল ডেস্ক ১৮ নভেম্বরঃ রাজ্যে একদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জিরো টলারেন্স নীতির বড় বড়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *