বদরপুরে মধ্যযুগীয় বর্বরতা, পূর্ব আক্রোশের জেরে বাঁশিরগ্রামে রক্তগঙ্গা!

এখানেই শেষ নয়, স্বামীর প্রাণ বাঁচাতে এগিয়ে আসা গৃহবধূর ওপর চরম নির্যাতন ও শ্লীলতাহানির ভয়াবহ অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শান্ত এলাকা হিসেবে পরিচিত বদরপুরে এই নারকীয় তাণ্ডবে সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বদরপুর থানায় দায়ের হওয়া এজাহারের সূত্র ধরে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ২৮ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭:৩০ টা নাগাদ। বাঁশিরগ্রাম খলার বাসিন্দা বদরুল ইসলাম বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় নিজ ঘরে শয্যাশায়ী ছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঠিক সেই সময়েই পূর্ব আক্রোশকে কাজে লাগিয়ে বড়থল বেন্দারগুল এলাকার মজনু উদ্দিনের পাঁচ ছেলে, মজিব উদ্দিন, সিয়াব উদ্দিন, মসন উদ্দিন, ফসন উদ্দিন ও হাছান উদ্দিন সহ প্রায় ৬-৭ জনের একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে বদরুলের বাড়িতে চড়াও হয়। হাতে ছিল দা, রামদা ও ধারালো ছেনি সহ নানা মারাত্মক অস্ত্র। দুষ্কৃতীরা কোনো তোয়াক্কা না করে জোরপূর্বক বদরুল ইসলামের ঘরে ঢুকে পড়ে। অসুস্থ ও নিরুপায় বদরুলকে বিছানা থেকেই টেনে-হিঁচড়ে ঘরের উঠানে বের করে আনা হয়।

কোনো কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে অন্ধের মতো কোপাতে থাকে হামলাকারীরা। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বদরুল ইসলামের আত্মচিৎকার ও আর্তনাদ শুনে যখন তাঁর স্ত্রী সাহেনা বেগম স্বামীকে বাঁচাতে ছুটে আসেন, তখন হিংস্র দুষ্কৃতীদের হাত থেকে তিনিও রক্ষা পাননি। অভিযোগ উঠেছে, সাহেনা বেগম স্বামীকে আগলে রাখার চেষ্টা করলে হামলাকারীরা তাঁকে চরম শারীরিক প্রহার করে।

শুধু মারধরই নয়, প্রকাশ্য উঠানে তাঁর বস্ত্র টেনে নিয়ে শ্লীলতাহানি করা হয়। একজন অসুস্থ স্বামী আর অসহায় স্ত্রীর আর্তনাদে পুরো এলাকা ভারী হয়ে উঠলেও দুষ্কৃতীদের তাণ্ডব থামেনি। পরবর্তীতে আশপাশের গ্রামবাসীরা চিৎকার শুনে লাঠিসোটা নিয়ে ছুটে আসতে শুরু করলে হামলাকারীরা খুনের হুমকি দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়।

ঘটনাস্থল থেকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় বদরুল ইসলামকে উদ্ধার করে স্থানীয়রা তড়িঘড়ি শ্রীগৌরি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর আঘাত এতটাই গভীর ও আশঙ্কাজনক ছিল যে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরই তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। হাসপাতালের সূত্র মতে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আক্রান্ত যুবকের শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক।

ঘটনার ভয়াবহতার কথা তুলে ধরে আক্রান্তের ভাই আব্দুল আজিজ বাদী হয়ে বদরপুর থানায় অভিযুক্ত ৫ ভাইসহ পুরো অপরাধী চক্রের বিরুদ্ধে এক লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঠিকই, কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি।

আইনের শাসন কি তবে বদরপুরে বই খাতার পাতাতেই সীমাবদ্ধ? বাঁশিরগ্রাম খলার এই ঘটনা কেবল একটি সাধারণ মারামারির কেস নয়, এটি স্পষ্টতই এক পরিকল্পিত নৃশংসে হত্যাচেষ্টা এবং মধ্যযুগীয় বর্বরতা। এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, প্রকাশ্যে ঘরে ঢুকে এভাবে কুপিয়ে নৃশংসতা চালানোর সাহস দুষ্কৃতীরা পায় কোথা থেকে? এর পেছনে স্থানীয় রাজনৈতিক মদত বা প্রশাসনিক ঢিলেঢালা মনোভাব কাজ করছে না তো? যদি একজন সাধারণ নাগরিক নিজের ঘরে শুয়েও সুরক্ষিত না থাকেন, তবে পুলিশের টহল ও নিরাপত্তার প্রতিশ্রুতি কেবলই প্রহসন।

এই ঘৃণ্য ও জঘন্য কাণ্ডের পর বদরপুর জুড়ে সাধারণ মানুষের ক্ষোভ ফুঁসে উঠছে। আক্রান্ত পরিবারের পাশাপাশি বাঁশিরগ্রাম ও সংলগ্ন এলাকার সর্বস্তরের জনগণ একসুরে দাবি জানিয়েছেন, এজাহারে নাম থাকা মজিব উদ্দিন, সিয়াব উদ্দিন, মসন উদ্দিন, ফসন উদ্দিন ও হাছান উদ্দিনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবের কাছে নতিস্বীকার না করে নিরপেক্ষ তদন্ত চালাতে হবে।

আক্রান্ত পরিবার এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের পূর্ণ আইনি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পুলিশি নিষ্ক্রিয়তা বা আসামীদের আড়াল করার চেষ্টা করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছেন স্থানীরা। এখন দেখার, বদরপুর থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুষ্কৃতীদের গরাদবন্দী করে নাকি আইনি জটিলতার আড়ালে অধরাই থেকে যায় বাঁশিরগ্রামের এই রক্তক্ষয়ী ঘটনার মূল কারিগরেরা।

Related Posts

চার দিন পর জাটিঙ্গা নদী থেকে উদ্ধার নিখোঁজ যুবক নিতাই ওরফে ভিকির দেহ, এলাকায় শোকের ছায়া

বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২ সেপ্টেম্বরঃ অবশেষে চার দিনের দীর্ঘ টানাপোড়েন, আশঙ্কা এবং চোখের জলের অবসান ঘটল। বরাক উপত্যকার বড়খলা থানার অন্তর্গত দুর্বিনটিল্লা ও দেবী নালা সংলগ্ন উত্তাল জাটিঙ্গা নদীর জলরাশি…

নিলামবাজারে পুলিশের জালে কুখ্যাত চোর উত্তম শব্দকার

স্ক্র্যাপের দোকান থেকে বাইকের যন্ত্রাংশ ও মন্দিরের পিতলের বাসন সহ বিপুল চোরাই মাল উদ্ধার, গ্রেফতার এক বরাকবাণী ডিজিটাল ডেস্ক ২ সেপ্টেম্বরঃ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কুখ্যাত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *