শিলচরে ৫৮৩ কোটির করিডরের বদলে ৭০০ কোটির জোড়া উড়ালপুল প্রকল্প, ব্যবসায়ীদের চাপে বদলে গেল শিলচর উড়ালপুলের নকশা!

শুক্রবারের গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন অসমের মন্ত্রী কৌশিক রাই, সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক রাজদীপ রায় ও রাজদীপ গোয়ালা, শিলচর পুরনিগমের মেয়র অমরেন্দ্র পাল, ডেপুটি মেয়র বিজেন্দ্র প্রসাদ সিংহ, পূর্ত দফতরের বিশেষ আয়ুক্ত বিভূতি শইকিয়া, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুরনিগমের কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সামাজিক সংস্থার প্রতিনিধি এবং শহরের বিশিষ্ট নাগরিকেরা।

বৈঠক শেষে মন্ত্রী কৌশিক রাই নতুন পরিকল্পনার রূপরেখা তুলে ধরে জানান: ক্যাপিটাল পয়েন্ট থেকে গোপীনাথ সিনেমা হল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা প্রশস্ত করে চার লেনের করা হবে। কৃষ্ণচরণ পাঠশালা থেকে গোপীনাথ সিনেমা হল পর্যন্ত ৫৪২ মিটার দীর্ঘ একটি উড়ালপুল নির্মাণ করা হবে। সদরঘাট থেকে রেডিয়ো স্টেশন পর্যন্ত ৫০০ মিটার দীর্ঘ আরও একটি উড়ালপুল নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, বিকল্প পরিকল্পনাটি দ্রুত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে পাঠানো হবে। আশা করছি, আর দেরি না করে প্রকল্পটি চূড়ান্ত করা সম্ভব হবে।

শিলচর শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে গত বছরের ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৫৮৩ কোটি টাকার ক্যাপিটাল পয়েন্ট–রাঙ্গিরখাড়ি উড়ালপুল প্রকল্পটি অনুমোদন পেয়েছিল। চলতি বছরের ১৪ মার্চ ঘটা করে প্রকল্পের শিলান্যাসও সম্পন্ন হয়। কিন্তু শুরু থেকেই শহরের প্রধান বাণিজ্যিক এলাকার ব্যবসায়ীদের একাংশ এই দীর্ঘ উড়ালপুলের তীব্র বিরোধিতা শুরু করেন।

তাঁদের আশঙ্কা ছিল, দীর্ঘ করিডর নির্মিত হলে বহু দোকানপাট ও ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ চললে ব্যবসাবাণিজ্য কার্যত অচল হয়ে পড়বে। গত কয়েক মাস ধরে চলা এই লাগাতার আপত্তির জেরেই শেষমেশ পিছু হটে বিকল্প রাস্তায় হাঁটতে বাধ্য হলো প্রশাসন।

এই নকশা বদলের সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, মূল প্রকল্পের প্রাথমিক কারিগরি কাজ ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছিল। শিলচর সিভিল হাসপাতালের কাছে ৩০ মিটার গভীর পাইল ফাউন্ডেশনের ভারবহন ক্ষমতা যাচাইয়ের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিলেন ইঞ্জিনিয়ারেরা। নির্ধারিত প্রায় ৫৫০ টন ভারবহন ক্ষমতার বিপরীতে ১,০১৪ টন ভার প্রয়োগ করেও কাঠামোয় কোনো ত্রুটি ধরা পড়েনি।

মাটি পরীক্ষার কাজও শেষ হয়েছিল এবং আগামী ডিসেম্বর মাস থেকেই পুরোদমে নির্মাণকাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন নকশা কার্যকর করতে গেলে ফের নতুন করে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর), মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন এবং একাধিক প্রশাসনিক ও কারিগরি ছাড়পত্র নিতে হবে। ফলে ডিসেম্বর মাসে কাজ শুরু হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা কার্যত অনিশ্চয়তার মুখে পড়ল।

অপরিসর রাস্তা, যানবাহনের অস্বাভাবিক চাপ এবং অপরিকল্পিত ট্র্যাফিক ব্যবস্থার কারণে শিলচরের প্রধান সড়কগুলিতে প্রতিদিনই তীব্র যানজটে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। শুক্রবারের বৈঠকে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা এবং শহরের ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলে প্রশাসনের দাবি। তবে দীর্ঘ টানাপড়েনের পর গৃহীত এই জোড়া উড়ালপুল ও চার লেনের রাস্তার পরিকল্পনা শিলচরের যানজট সমস্যার কতটা স্থায়ী সমাধান করতে পারবে এবং কবে নাগাদ বাস্তবে কাজ শুরু হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা শহরবাসী।

Related Posts

আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের, চার মাসে চালের দাম বাড়ল ৫০ শতাংশ, ভোজ্যতেল ২০০ টাকার ওপরে

মসুর ছাড়া বাকি ডালে কেজিতে ১০-২০ টাকা বৃদ্ধি, ডিম-পেঁয়াজের দামেও ঊর্ধ্বগতি, চাপে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২১ নভেম্বরঃ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে চরম আর্থ-সামাজিক সংকটে পড়েছেন সাধারণ…

শিলচর পৌরনিগমে কাউন্সিলরদের জাল শংসাপত্রের ভূত! টাকার বিনিময়ে ডিগ্রি কেনার দিন শেষ?

কেবল তালিকা প্রকাশেই কি দায় শেষ, নাকি ভুয়ো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিলবে কড়া শাস্তি, প্রশ্ন শিক্ষামহলে বরাকবাণী ডিজিটেল ডেস্ক ২১ নভেম্বরঃ জনপ্রতিনিধিদের হলফনামায় ভুয়ো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দাখিলের মতো গুরুতর অভিযোগে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *