বরাকবাণী প্রতিবেদন শিলচর ৩১ অক্টোবরঃ কাছাড় জেলায় ড্রাগস বিরোধী অভিযানে ফের এক বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর থানার অন্তর্গত পয়লাপুল এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিন জন ড্রাগস পাচারকারীকে আটক করে কাছাড় পুলিশ। অভিযানে ১৫টি সাবানের বাক্সের ভেতর থেকে মোট ২০১ গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজত কুমার পাল।
পুলিশ সূত্রে জানা যায়, আটক তিন পাচারকারীর নাম লিনবোই হাংসাই, লালরিংথাং হামার ও বারজোনা হামার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, মাদকদ্রব্যটি সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে জেলার বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল সাংবাদিকদের জানান, ড্রাগস পাচারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনোভাবেই নরম মনোভাব নেবে না। সমাজে যারা নেশার বিষ ছড়াতে চাইছে, তাদের একে একে আইনের জালে ফেলা হবে। পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তির হাওয়া বইছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পয়লাপুল ও আশেপাশের এলাকায় কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল। পুলিশের দ্রুত তৎপরতায় এক ভয়াবহ চক্র ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। ড্রাগস পাচারকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সচেতন মহলও। সমাজকর্মী ও শিক্ষক শ্রেণির মতে, এই নেশার ব্যবসা শুধু যুব সমাজ নয়, গোটা প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।
পুলিশকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে এমন নিকৃষ্ট চক্রের মূল পর্যন্ত পৌঁছানো যায়। বর্তমানে আটক তিনজনকে হেফাজতে রেখে জোরকদমে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও বড় নেটওয়ার্ক উন্মোচনের চেষ্টা করছে।






