নিকামের সত্ত্বাধিকারী ডাঃ শান্তি কুমার সিং-এর নকল সার্টিফিকেট কারখানা থেকে জন্ম নিচ্ছে শত শত ভুয়ো চিকিৎসক!

এদিকে, কাছাড় জেলায় একের পর এক ভুয়ো ডাক্তার গ্রেফতারের ঘটনায় রীতিমতো তোলপাড় পড়েছে প্রশাসনিক মহলে। কয়েক সপ্তাহের মধ্যেই হাতে ধরা পড়েছে একাধিক তথাকথিত এমবিবিএস ডাক্তার, যারা বছরের পর বছর ধরে গ্রামীণ মানুষের জীবনের সঙ্গে ভয়ঙ্কর ছলচাতুরি চালিয়ে এসেছে।

কিন্তু আশ্চর্যের বিষয় এই ভুয়ো ডাক্তারদের পেছনের মূল নায়ক, নর্থ ইস্ট কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিন (নিকাম)-এর সত্ত্বাধিকারী ডাঃ শান্তি কুমার সিং এখনও ধরাছোঁয়ার বাইরে! স্থানীয় সূত্রে জানা গেছে, এই তথাকথিত “নিকাম” আসলে কোনো বৈধ মেডিক্যাল প্রতিষ্ঠান নয় বরং এক প্রকার নকল সার্টিফিকেট তৈরির কারখানা! এখান থেকেই বাজারে ছড়িয়ে পড়ছে শত শত ভুয়ো এমবিবিএস সার্টিফিকেট ও চিকিৎসা সনদ, যার জোরে এক শ্রেণির প্রতারক নিজেদের “ডাঃ সাহেব” বলে পরিচয় দিচ্ছে।

গত কয়েক মাসে কাছাড় পুলিশ এক ডজন ডজনের ও বেশি ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে। এখনও বহু নাম এখন পুলিশের তালিকায়। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, তারা কার কাছ থেকে এই এমবিবিএস সার্টিফিকেট পেল? সব সূত্রই নির্দেশ করছে এক ব্যক্তির দিকেই শান্তি কুমার সিং। অভিযোগ, তাঁর অফিসেই চলে ডিগ্রি বিক্রির গোপন ব্যবসা। মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে হাতে তুলে দেওয়া হয় নকল সার্টিফিকেট, সঙ্গে সিল-মোহর সমেত।

একজন জেলা প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা সবাই জানি কে এই নিকামের মালিক। কিন্তু ওপর থেকে চাপ আসে। তদন্ত যত এগোয়, ততই কোথাও না কোথাও ব্রেক পড়ে। অর্থাৎ, অভিযোগ যত গুরুতরই হোক, তদন্তের গতি যেন ইচ্ছে করেই মন্থর করে দেওয়া হচ্ছে।

ভুয়ো ডাক্তারদের হাতে পড়ে অগণিত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কেউ কেউ প্রাণও হারাচ্ছেন। গ্রামীণ এলাকার দরিদ্র মানুষ চিকিৎসার আশায় জীবন বাজি রেখে এইসব প্রতারকদের কাছে ছুটে যান, কারণ তাঁদের কাছে সরকারি স্বাস্থ্যকেন্দ্র দূর, চিকিৎসা ব্যয়বহুল। ফল দুর্ভাগ্য। সঠিক চিকিৎসার বদলে তাঁরা পাচ্ছেন নকল চিকিৎসার ভয়ানক প্রতারণা। একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে মানুষটাকে ডাক্তার ভেবে আমরা বিশ্বাস করেছি, সে তো পরে জানা গেল ট্রাক ড্রাইভার, ফেরিওয়ালা বা সেলুনে কাজ করত! এখন আমাদের কার ওপর ভরসা রাখব?

এ যেন সমাজের ভিত কাঁপিয়ে দেওয়া এক ভয়াবহ সংকট, মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে চিকিৎসার প্রতি। নর্থ ইস্ট কাউন্সিল অফ অল্টারনেটিভ মেডিসিন নামটি শুনতে বৈধ লাগলেও, তদন্তে দেখা গেছে সংস্থাটির কোনো সরকারি অনুমোদন বা রেজিস্ট্রেশনই নেই। এই প্রতিষ্ঠানের সিল-মোহর ব্যবহার করে তৈরি হয় নকল সার্টিফিকেট, যা অনলাইনে এমনভাবে ডিজাইন করা হয় যেন দেখে মনে হয় এটি আসল কোনো বিশ্ববিদ্যালয়ের দেওয়া।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সংস্থা দীর্ঘদিন ধরে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে সক্রিয়। বরাক উপত্যকাতেও এর শাখা বিস্তার ঘটেছে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি পর্যন্ত। সাধারণ মানুষের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সঙ্গে এই চক্রের অশুভ সম্পর্কই তদন্তে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করছেন সচেতন নাগরিক। কাছাড় পুলিশ ভুয়ো ডাক্তারদের গ্রেফতার করলেও, শান্তি কুমার সিং ও তাঁর সহযোগীরা রয়েছেন এক অদৃশ্য নিরাপত্তা বলয়ের আড়ালে। সচেতন মহলের বক্তব্য, যদি প্রশাসন সত্যিই নিরপেক্ষ হয়, তবে আগে ধরুন মূল কারিগরকে।

নাহলে এই চক্র ভাঙবে না, শুধু নাম পাল্টাবে। বরাকের বিভিন্ন নাগরিক সংগঠন, চিকিৎসক মহল ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে, একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ভুয়ো ডাক্তার চক্রের মূল নেটওয়ার্ক উন্মোচন করতে হবে। একইসঙ্গে, আসাম মেডিক্যাল কাউন্সিলকে এই বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে। কারণ, কেবল গ্রেফতার নয়, দরকার সুনির্দিষ্ট বিচার ও আইনি পদক্ষেপ।

আজ কাছাড়, কাল হয়তো গোটা রাজ্য, এই ভয়াবহ প্রতারণা যদি এখনই রুখে না দেওয়া যায়, তবে সমাজের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস চিরতরে ভেঙে পড়বে। ভুয়ো ডাক্তারদের গ্রেফতার যথেষ্ট নয়, শান্তি কুমার সিং-এর মতো নেপথ্য চক্রের কর্তা ব্যক্তিদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোই একমাত্র উপায় এই ব্যাধির সমাধান। প্রশ্নটা এখন আর শুধু প্রশাসনিক নয়, এটা মানুষের জীবনের প্রশ্ন, বিশ্বাসের প্রশ্ন, নৈতিকতার প্রশ্ন।

Related Posts

শিলচর সোনাই রোডে নিম্নমানের ড্রেন নির্মাণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২২ নভেম্বরঃ শিলচর সোনাই রোডের কাস্টম কোয়ার্টারের পাশ দিয়ে চলা নতুন ড্রেন নির্মাণ নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। এনএইচআইডিসিএল-এর অধীনস্থ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে একাধিক অনিয়ম, অব্যবস্থাপনা ও…

শিলচর–হাফলং সৌরাষ্ট্র মহাসড়ক চূড়ান্ত পর্যায়ে, জানুয়ারি থেকে স্বাভাবিক হবে যান চলাচল

বরাকবাণী প্রতিবেদন শিলচর ২৩ নভেম্বরঃ শিলচর থেকে হাফলং-বরাক উপত্যকাকে পাহাড়ি জেলার সঙ্গে সরাসরি ও দ্রুত যোগাযোগে যুক্ত করতে বহু প্রতীক্ষিত সৌরাষ্ট্র মহাসড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। শনিবার নিজে সরজমিনে সেই…